পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এসেছে জাপানের উপহারের করোনা টিকার চতুর্থ চালান। শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকাসহ প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।
বিমানবন্দরের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সবশেষ গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।


