ধর্মনিরপেক্ষ সরকার চেয়ে দেওবন্দে প্রার্থনায় মুসলমানরা

ধর্মনিরপেক্ষ সরকার চেয়ে দেওবন্দে প্রার্থনায় মুসলমানরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে? আগামী বৃহস্পতিবার (২৩ মে) এই প্রশ্নের উত্তর জানা যাবে। কিন্তু তার আগে এক্সিট পোলের রিপোর্ট দেখে চিন্তায় ভারতের ঐতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠন দারুল উলূম দেওবন্দের সিনিয়র শিক্ষক মুফতি মাহমুদ হাসান। দেশে ধর্মনিরপেক্ষ সরকার চেয়ে সবাইকে বিশেষ প্রার্থনা করতে বলেছেন তিনি।

দেশের শান্তি রক্ষা এবং মুসলিমদের সুরক্ষার জন্য চিন্তিত হয়ে পড়েছেন মুফতি মাহমুদ হাসান। তাই নির্বাচনের ফল না বের হওয়া পর্যন্ত সবাইকে নমাজের পর বিশেষ প্রার্থনা করতে বলেছেন তিনি। এই প্রার্থনা দেশে যাতে ধর্মনিরপেক্ষ সরকার গঠন হয়, সেই কামনায় করা হবে।

দেওবন্দের প্রায় সব মুসলিমরাই তাঁর এই আবেদনে সাড়া দিয়েছেন। সোমবার থেকেই শুরু হয়েছে বিশেষ প্রার্থনা। সবাইকে একসঙ্গে নিয়ে চলবে এমন রাজনৈতিক দলকেই সরকারে চাইছেন তাঁরা।

এর আগে ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামা হিন্দের সভাপতি সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, কাশ্মীরে জঙ্গিরা যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাদের এসব হামলা অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য। তা কখনো জিহাদ হতে পারে না।

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এখন আতঙ্কের পর্যায়ে চলে গিয়েছে মন্তব্য করে মাওলানা আরশাদ মাদানী বলেন, শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এখন আতঙ্কের পর্যায়ে চলে গিয়েছে। যারা ইসলামের নাম ব্যবহার করে, ইসলামী লেবাস ধারণ করে জঙ্গিবাদের নামে মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু, তারা পথভ্রষ্ট।
গত জানুয়ারিতে এক বিবৃতিতে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের এবং দারুল উলূম দেওবন্দের যদি অবদান না থাকতো, তাহলে ভারত কখন স্বাধীন হতে পারতো না। আর স্বাধীন হলেও সেটা অনেক বেশি কষ্টকর হয়ে যেত।

ভারতে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য দাবি করে দারুল উলূম দেওবন্দের মুহতামিম বলেন, সত্য ইতিহাস চর্চা করলে আমরা অবশ্যই জানতে পারবো, স্বাধীনতাযুদ্ধে হিন্দুদের সঙ্গে উলামায়ে কেরাম ও মুসলমানদের তাজা রক্তের বিনিময় এই ভারত স্বাধীন হয়েছে। জেল খাটা অজস্র উলামায়ে কেরামের আত্মদান ও ফাঁসিকাষ্ঠে ঝুলে অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। তিনি বলেন, মাওলানা কাসেম নানুতাবী রহ. দারুল উলূম দেওবন্দকে ব্রিটিশবিরোধী একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন।

ভারতের মুসলমানরা তাদের দেশকে ভালোবাসে দাবি করে দারুল উলূম দেওবন্দের মুহতামিম বলেন, ভারত মুসলমানদের, ভারত আমাদের, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতেই সবসময় থাকবো। তিনি বলেন, এখনো দারুল উলূম দেওবন্দ দেশপ্রেমের শিক্ষা দেয়। দেশ ও জাতীয় কল্যাণে কাজ করার কথা বলে।

সূত্র : এই সময়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *