পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো সফরে গেছেন পোপ ফ্রান্সিস। আমিরাতে গিয়ে বিশ্ব শান্তির বার্তা দিলেন পোপ। গত সোমবার (৪ ফেব্রুয়ারি) সকল ধর্মের নেতাদের উপস্থিতিতে আয়োজিত আন্তঃধর্মীয় এই সম্মেলন ইয়েমেন, সিরিয়া, ইরাক, লিবিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে পোপ বলেন, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যকার হানাহানি শুধু যন্ত্রনা আর মৃত্যুই বয়ে আনবে। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে কোনো ধরনের সংঘাত গ্রহণযোগ্য নয়। পূর্ণ ধর্মীয় স্বাধীনতার পক্ষেও মত দেন পোপ।
অন্যদিকে মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সকল মুসলিমদের স্থানীয় খ্রিস্টানদের সঙ্গে মিলেমিশে থাকতে বলেন মিসরের গ্র্যান্ড ইমাম। তিনি বলেন, তাদেরও সে দেশে থাকার পূর্ণ অধিকার ও দায়িত্ব রয়েছে। এসময় মিসরের প্রধান ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব ও পোপ ফ্রান্সিস পরস্পরকে চুম্বন করেন। বিশ্বশান্তি ও মানবতার ঐক্যের আশায় একটি বিবৃতিতেও স্বাক্ষর করেন তারা।


