নতুন সরকার কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনবে : মমতা

নতুন সরকার কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনবে : মমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন সরকার কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনবে মন্তব্য করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নতুন সরকার ক্ষমতায় এসে সন্ত্রাস মোকাবিলা করবে এবং কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনবে।

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত একটি পদযাত্রা শেষে ভাষণ দেয়ার সময় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন। মমতা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বলেন, গত পাঁচ বছর ধরে সন্ত্রাসীদের কথা মনে ছিল না। এরমধ্যে কত পাঠানকোট, কত উরি, কত পুলওয়ামার ঘটনা ঘটেছে বাবু! কোথায় ছিলেন এতদিন? নির্বাচন এসে গেছে, নির্বাচন বড় বালাই সেজন্য এখন নতুন করে মিসাইলের চেহারা দেখাচ্ছেন। নতুন করে যুদ্ধ-যুদ্ধ খেলছেন! আপনার ‘এক্সপায়ারি ডেট’ হয়ে হয়ে গেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে সন্ত্রাস মোকাবিলা করবে এবং কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনবে। এটা আমাদের শপথ। দেশের শান্তি, সম্প্রীতি ও সংস্কৃতিকে আমরা রক্ষা করব বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, মোদির আমলে দেশটাকে শেষ করে দেয়া হয়েছে। ইতিহাসকে বদলে দেয়া হয়েছে। ভূগোলকে পরিবর্তন করে দেয়া হচ্ছে। বলছে রাফায়েলের (ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত) নথিপত্র চুরি হয়ে গেছে! দেশের অভ্যন্তরীণ নথিপত্র চুরি করেননি তো? দেশের অভ্যন্তরীণ নথিপত্র চুরি হয়ে যায়নি তো? রাফায়েলের নথিপত্র রাখতে পারেন না, দেশের নিরাপত্তা রক্ষা করবেন কী করে? আপনি যত তাড়াতাড়ি যান ক্ষমতা থেকে ততই ভালো। সেজন্য আজ আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শপথ নিতে হবে মোদি হটাও দেশ বাঁচাও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দু’বছরে মোদির রাজত্বে দুই কোটি বেকার তৈরি হয়েছে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে। চাষিদের পেটে ভাত দিতে পারেনি এই সরকার। ছাত্র-যৌবনকে চাকরি দিতে পারেনি। দেশে কালো টাকা (বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত) ফিরিয়ে আনতে পারেনি। নোট বাতিলের সময় বলেছিল সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য নোট বাতিল করা দরকার। কিন্তু মোদি বাবুর রাজত্বে ২৬০ শতাংশ সন্ত্রাস বেড়েছে। আজকে বলছে রাফায়েলের (রাফায়েল যুদ্ধবিমান ক্রয়চুক্তি নথি) ফাইল চুরি হয়ে গেছে!

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, অলি গলিমে শোর হ্যায়-মোদি সরকার চোর হ্যায়’, ‘আর নেই দরকার-চোরেদের সরকার’, ‘ডাকাতদের সরকার-আর নেই দরকার’, ‘রাফায়েলের সরকার-আর নেই দরকার’, ‘মোদি-অমিতের সরকার-আর নেই দরকার’, ‘নোট বাতিলের সরকার-আর নেই দরকার’, ‘কৃষক হত্যার সরকার-আর নেই দরকার’, ‘মুসলিম হত্যার সরকার-আর নেই দরকার’, ‘দলিত হত্যার সরকার-আর নেই দরকার, আদিবাসী হত্যার সরকার-আর নেই দরকার’ বলে স্লোগান তুললে উপস্থিত নারীরা তাতে গলা মেলান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *