পাথেয় রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি শনিবার।
নয়া দিল্লির বাংলাদেশ মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার সময় যাচ্ছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, দুই দেশই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নিজেদের মধ্যে সাধারণ বিষয়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও বলেন, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও বেড়ে ওঠার সঙ্গে আমাদের দুই দেশের অনেক মিল রয়েছে, যা সামনের দিনগুলোতে দুই দেশের প্রগতি এবং উন্নয়নের ধারা আরও শক্তিশালী করবে।
ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে পালন করা হয়। ওই দিন গণপরিষদে ভারতীয় সংবিধান কার্যকর করা হয় বলে জানা যায়।


