পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই নারী শ্রমিক নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) এবং মিনা আক্তার (৩৩)। স্বপ্না রানী হলেন সিলেট জেলার যতি সরকারের স্ত্রী। অন্যদিকে, উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার। আহতের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই অন্তত ৬ জন ভর্তি হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নেভাতে ডেমড়া, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি ভেতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
কারখানাটির শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেজান জুস কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। কারখানাটির ভবন ৭তলা। এর নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে তা গোটা ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়।
এ অবস্থায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন শ্রমিকরা। কেউ কেউ ভবনের ছাদে গিয়ে অবস্থান নেন। কেউ কেউ আবার ছাদ থেকে লাফ দিয়েছেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান রানী ও মিনা আক্তার নামের দুই নারী শ্রমিক। ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, প্রত্যক্ষদর্শী ও নিহত স্বপ্না রানীর মেয়ে বিশা রানী বলেন, কারখানার ভবনের ভেতরে অনেক শ্রমিক আটকা রয়েছেন। তাদের বের করা না হলে সবাই মারা যাবেন। তিনিও ওই কারখানারই শ্রমিক।


