নিজেদের মাঠে সহজ জয় সিলেটের

নিজেদের মাঠে সহজ জয় সিলেটের

ক্রীড়া ডেস্ক : নিজেদের মাঠে প্রথম জয় পেল সিলেট সিক্সার্স। বিপিএলের ঢাকা পর্বের খেলায় সুবিধা করতে পারেনি দলটি। তিন ম্যাচের দুটিতে হেরে জয়ের স্বপ্নে ঘরের মাঠে খেলতে যায় সিলেট সিক্সার্স।

গতকাল মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে ৬৮ রানের লজ্জায় পড়া সিলেট একদিনের ব্যবধানে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। আগের দিনের হতাশাকে পেছনে ফেলে বুধবার ঘরের মাঠের দর্শকদের দারুণ জয় উপহার দিয়েছে সিলেট সিক্সার্স। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে ২৭ রানে।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে সিলেট। এদিন লিটন কুমার দাস এবং অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জোড়া ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে নয় চার ও এক ছক্কায় ৭০ রান করেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে ছয় চার ও দুই ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার।

রান তাড়া করতে নেমে তরুণ পেসার মেহেদি হাসান রানার আঘাতে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে রংপুর। মাঝে মোহাম্মদ মিঠুন ও রিলে রুশোর ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান রুশো আউট হওয়ার পর আর লড়তে পারেনি রংপুর।

ভয়ঙ্কর হয়ে ওঠা রুশো এবং মিঠুনের মধ্যকার জুটি ভাঙেন তাসকিন আহমেদ। সিলেটের এই পেস বোলারের ডেলিভারিতে রুশোর স্টাম্প উড়ে যায়। ৩২ বলে তিন চার ও চারটি ছক্কায় ৫৮ রান করেন রুশো। তার বিদায়ের পর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে পড়ে রংপুর।

শেষদিকে রানরেট বেড়ে যাওয়া এবং দলের স্বীকৃত কোনো ব্যাটসম্যান না থাকায় দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি মাশরাফি বিন মুর্তজার পক্ষে। ২৭ বলে ৩৩ রানে অপরাজি থাকেন মাশরাফি।

সিলেটের করা ১৮৭ রানের জবাবে রংপুরের ইনিংস থেমেছে ১৬০ রানে। সিলেটের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদি রানা এবং তাসকিন আহমেদ। ৩২ বলে ৫৮ রানের ঝড় তুলেও দলকে জেতাতে পারেননি রিলে রুশো।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৮৭/৫ (লিটন ৭০, ওয়ার্নার ৬১*, নিকোলাস পুরান ২৬, সাব্বির ২০)।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬০/৬ (রুশো ৫৮, মিঠুন ৩৫, মাশরাফি ৩৩*)।

ফল: সিলেট ২৭ রানে জয়ী।

ম্যাচসেরা: লিটন কুমার দাস (সিলেট সিক্সার্স)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *