পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে করোনা আতঙ্কের মধ্যেও পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট উৎসব চলছে। আট দফা নির্বাচন শেষ হতে এখনও ১১ দিন বাকি। করোনা পরিস্থিতির মাঝে এবার নির্বাচনি প্রচার বাতিলের সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।
পশ্চিমবঙ্গে আগামী দিনে যত প্রচার অভিযান করার কথা ছিল, তার সবকটিই বাতিল করেছেন জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রবিবার (১৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় বাংলার নির্বাচনি প্রচার বাতিল করার কথা জানিয়েছেন রাহুল। ভোট উত্তাপের মাঝে কংগ্রেস নেতার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লিখেছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে আমি পশ্চিমবঙ্গে আমার সব নির্বাচনি জনসভা বাতিল করছি।
অন্যান্য রাজনৈতিক নেতাদেরও এ বিষয়ে ভাবনাচিন্তা করে সিদ্ধান্তে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। রাহুলের কথায়, বর্তমান পরিস্থিতিতে বিশাল জনসভার আয়োজন করার ফল কী হতে পারে, তা ভেবে দেখা উচিত। আমি সব রাজনৈতিক নেতা-নেত্রীকে এ বিষয়ে গভীরভাবে ভাবতে বলব।


