নির্বাচনী ওয়াদা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি : প্রধানমন্ত্রী

নির্বাচনী ওয়াদা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গত ১৩ বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি তা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, যেসব ওয়াদা দিয়েছিলাম আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।’ বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে শুক্রবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন সরকারপ্রধান।

বাংলাদেশের মানুষের জীবনযাত্রা বদলে দেওয়ার স্বপ্ন দেখানো তিন মেগা প্রকল্পের কাজ যে এ বছরই শেষ হচ্ছে, সে বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০২২ সাল হবে বাংলাদেশের জন্য ‘অবকাঠামো উন্নয়নের মাইল ফলক বছর’।

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের স্তর থেকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে যেসব বড় অবকাঠামো প্রকল্প সরকার নিয়েছিল, এসবেরর মাঝে পদ্মা সেতু (সড়ক) আসছে জুনে চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। এরপর অক্টোবরে উদ্বোধন করা হবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। ডিসেম্বরে রাজধানীবাসীর জন্য চালু হবে প্রথম মেট্রোরেলের আংশিক সেবা।

প্রধানমন্ত্রী বলেন, আশা করা যায়, মেট্রোরেল রাজধানী ঢাকার পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।

বিশ্ব ব্যাংকের সঙ্গে দীর্ঘ টানাপড়েন শেষে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, “অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করতে যাচ্ছি। এই সেতু দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানীসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করবে।”

বাংলাদেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে, স্বাধীনতাবিরোধীরা ‘ষড়যন্ত্র’ করছে, বিদেশি উন্নয়ন সহযোগীদের ‘ভুল বোঝানোর চেষ্টা করছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশবিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য।

“মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে।”

জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। জনগণই ক্ষমতার উৎস। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। তাই জনগণের সঙ্গেই আমাদের অবস্থান।”

দ্রুত টিকা নেওয়ার অনুরোধ

বিশ্বের বিভিন্ন দেশে নতুনভাবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই দেশবাসীকে সাবধান হওয়ার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এখন পূর্ণোদ্যমে কোভিড-১৯ টিকাকরণের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা প্রদানের মাধ্যমে প্রতিমাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ আর দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার। গতমাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বর্তমানে সরকারের কাছে সাড়ে ৯ কোটিরও বেশি ডোজ টিকা মজুদ আছে।

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ সম্মুখসারির যেসব যোদ্ধা মারা গেছেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর যেসব রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মারা গেছেন, তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *