‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিলো ইরান

‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিলো ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি এই ঘোষণা দিয়েছেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত সেপ্টেম্বরে ২২ বছরের কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই বিক্ষোভ থেকে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম বাতিল এবং বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেহরান। এর মধ্যেই কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে নিজেদের ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান ইরানি ফুটবলাররা। বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নেওয়া তাদের ওই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ে।

অবশেষে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা এলো।

শনিবার ‘সাম্প্রতিক দাঙ্গার সময় হাইব্রিড যুদ্ধের রূপরেখা’ শীর্ষক এক অনুষ্ঠানে কথা বলেন ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি। এ সময় ইরানে নৈতিকতা পুলিশ কার্যক্রম শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ জাফর মনতাজরি বলেন, বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা পুলিশের কোনও সম্পর্ক নেই। এটি অতীতে যে জায়গা থেকে চালু করা হয়েছিল সেই জায়গা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরানের বাধ্যতামূলক পোশাক কোডও বাতিলের জোরালো দাবি ছিল দেশটির বিক্ষোভকারীদের। তবে এ সংক্রান্ত আইন বাতিলের কোনও ইঙ্গিত দেননি মোহাম্মদ জাফর মনতাজরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *