পদ্মায় পড়ে গেল মাইক্রোবাস, ২ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় পড়ে গেল মাইক্রোবাস, ২ ঘণ্টা পর উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হঠাৎ কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার (১১ মে) রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের তার ছিঁড়ে পন্টুন নদীতে চলে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে চলে যায়। মাইক্রোবাসের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। দেড়টার দিকে মাইক্রোবাসটি নদী থেকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে চালকের পাশের দরজার কাচ খোলা পাওয়া গেছে।

এই খবরের সত্যতা নিশ্চিত করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী বলেন, মঙ্গলবার (১১ মে) বেলা সোয়া ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী মাইক্রোবাসটি উঠতে যায়। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের তার ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি পদ্মা নদীতে চলে যায়। এ সময় মাইক্রোবাসটি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই মাইক্রোবাসটি পেছনের দিকে গেলে সঙ্গে সঙ্গে পন্টুন থেকে সেটি নদীতে চলে যায়।

পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকের সঙ্গে আর কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। দুপুর ১২টার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *