পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের কাছে এ টাকা তুলে দেন সেতু সচিব মো. মনজুর হোসেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব/সচিব উপস্থিত ছিলেন।

সরকার নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ।

আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত ১% সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।

এছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে ২টি ঋণ চুক্তির আওতায় দুই শতাংশ সুদে মোট ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার এসডিআর ঋণ নেওয়া হয়েছে। যা বছরে ৪টি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করে বিবিএ। ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার প্রথম চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *