পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে হিন্দু থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া এক মেয়েকে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ব্লোমস।
সেখানে বলা হয়, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া হিন্দু মেয়েটিকে সম্প্রতি অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের ভারচুন্দি শরীফ মাজারের ব্যবস্থাপনায় তাকে কান্ধকোট-কাশমোর জেলার টাঙ্গওয়ানি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, মেয়েটির পিতা-মাতা ও আত্মীয়রা অভিযোগ করেছেন যে, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। তার বয়স মাত্র ১৩ বছর।
মেয়েটির আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ বিজারানী বলেন, ইতিমধ্যে আদালতে (টাঙ্গওয়ানি আদালত) তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। সেখানে ইসলাম গ্রহণের কথা সে স্বীকার করেছে এবং জানিয়েছে তার নতুন নাম উম্মে হিনা।
এদিকে, বিচারক মুনাওয়ার হোসাইন পীরজাদার আদেশে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মেয়েটিকে ২৪ ঘণ্টার জন্য কান্ধকোটের একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।


