পাকিস্তানে ২৩৭ রুপিতে ঠেকেছে ডলারের দাম

পাকিস্তানে ২৩৭ রুপিতে ঠেকেছে ডলারের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের মার্কিন ডলারের দাম বাড়তে বাড়তে প্রায় ২৩৭ রুপিতে উঠে গেছে। ডলারের বিপরীতে প্রায় প্রতিদিনই মান হারাচ্ছে পাকিস্তানের মুদ্রা। দেশটিতে বর্তমানে আন্তঃব্যাংক বাজারে এক ডলার কিনতে গুনতে হচ্ছে ২৩৬ রুপিরও বেশি। ইতিহাসে এর আগে কখনও পাকিস্তানের এই মুদ্রার মান এতো নিচে নামেনি।

পাকিস্তানের দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানি রুপির আরও অবনমন হয়েছে এবং বুধবার আন্তঃব্যাংক বাজারে এক ডলার কিনতে গুনতে হচ্ছে ২৩৬.৫০ রুপি। আগের দিনের তুলনায় বুধবার পাকিস্তানি এই মুদ্রা মূল্য হারিয়েছে ৩.৫৭ রুপি।

এক দিন আগে অর্থাৎ মঙ্গলবার লেনদেন শেষ হওয়ার সময় এক ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দর ছিল ২৩২.৯৩ রুপি। আর বুধবার সকালে আন্তঃব্যাংক বাজারে তা ডলারের বিপরীতে দাঁড়ায় ২৩৬.৫০ রুপিতে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে মানহীন মুদ্রাগুলোর মধ্যে পাকিস্তানি রুপি একটি। চলতি বছরের শুরু থেকে রুপির মূল্য ৩০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। মুদ্রা ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হওয়া এবং ডলারের সংকট রুপির ওপর চাপ সৃষ্টি করেছে।

বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা দ্য নিউজকে বলছেন, ‘বিনিময় হারের অস্থিরতা রোধে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার বিক্রি না করায় ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার অভাব রয়েছে। রপ্তানিকারকরাও ডলারকে রুপিতে রূপান্তর করছেন না এবং এর ফলে ডলারের সংকট সৃষ্টি হয়েছে’।

গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান প্রায় ৮ শতাংশ কমে গেছে এবং এতে করে পাকিস্তানের অর্থনীতিতে আশঙ্কা আরও বেড়েছে। এছাড়া গত ১৫ জুলাই পর্যন্ত দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯৩০ কোটি ডলারে নেমে এসেছে।

একইসঙ্গে মুদ্রাস্ফীতি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ স্তরে রয়েছে। অবশ্য কেবল পাকিস্তানি রুপিই নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য সকল মুদ্রার বিপরীতেই ডলারের দাম ক্রমাগত বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *