পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র মিঠুন কুমার মণ্ডলকে (২২) ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে আপত্তিকর কটূক্তিপূর্ণ মন্তব্যের জেরে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১১ অক্টােবর) মধ্যরাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলী এলাকা থেকে তাকে আটক করা হয়। মিঠুন ওই গ্রামের জুগল মণ্ডলের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মিঠুন মণ্ডল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। বর্তমানে গ্রামের বাড়ি দেবহাটায় রয়েছে। ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে আপত্তিকর ও কটূক্তি করে মন্তব্য করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, দেশের চলমান ধর্ষণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করছেন। তেমন এক ব্যক্তির প্রতিবাদী কমেন্টে মিঠুন কুমার তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করেন। এটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আসে। এরপর তাকে আটক করা হয়।
/এএ


