পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৩ জুন) তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, রোববার (১৩ জুন্) ভোরে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। এর পর বিকেলে পর্যালোচনা বৈঠক করে মেডিক্যাল বোর্ড। এর পর তার প্যাথলজি টেস্ট দেওয়া হয়েছে। যার রেজাল্ট জানা যাবে সোমবার (১৪ জুন)। তার পরই বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ সম্পর্কে জানা যাবে।
ওই চিকিৎসক আরও জানান, বিএনপির নেত্রীর স্বাস্থ্যের প্যারামিটারগুলো উঠা-নামা করছে। সেই অনুযায়ী তার চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে জ্বর আসার পর একাধিক প্যাথলজি টেস্ট দেওয়া হয়েছে। রেজাল্ট পেলেই বোঝা যাবে এই জ্বরের কারণ। এটা স্বাভাবিক জ্বর, নাকি অন্য কিছু সেটা নির্ণয় করা যাবে।
তিনি জানান, খালেদা জিয়ার জ্বরটা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি ছিল, এর কারণ খুঁজছে মেডিক্যাল বোর্ড। এ ছাড়া তার হৃদ স্পন্দনের হারও স্বাভাবিকের চেয়ে বেশি। পাশাপাশি ডায়বেটিসের মাত্রা ১১ থেকে ১৩ এর মধ্যে আছে। হিমোগ্লোবিনও বাড়ছে না।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। গত ৩ মে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। করোনা থেকে মুক্ত হলেও নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।


