অর্থনৈতিক প্রতিবেদক ● আন্তর্জাতিক বাজারে গত সোমবার তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল মূল্যবান ধাতু স্বর্ণের দর। সেখান থেকে মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ধাতুটি। এদিন দশমিক ১ শতাংশ দাম বেড়েছে স্বর্ণের। স্বর্ণের বাড়লেও দাম কমেছে তামা, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের। খবর মার্কেটওয়াচ। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স বিভাগে গত মঙ্গলবার আউন্সে ১ ডলার ৫০ সেন্ট দাম বেড়েছে স্বর্ণের। জুনে সরবরাহ চুক্তিতে সোমবারের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়ে এদিন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৫৭ ডলারে। কোমেক্সে গত মঙ্গলবার লেনদেন অধিবেশনের শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ২৫৫ ডলার ৫০ সেন্টে নেমেছিল। ফ্যাক্টসেটের তথ্যমতে, গত ১০ এপ্রিলের পর এটিই মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দর। কোমেক্সে স্বর্ণের দাম বাড়লেও কমেছে আরেক মূল্যবান ধাতু রুপার। গত মঙ্গলবার এখানে প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৬ ডলার ৮৩ সেন্টে। আগের দিন অর্থাজ গত সোমবার একই বাজারে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছিল ১৬ ডলার ৮৪ সেন্টে। এ হিসাবে একদিনের ব্যবধানে কোমেক্সে ধাতুটির দাম কমেছে দশমিক ১ শতাংশ বা আউন্সে ১ দশমিক ১ সেন্ট। সামনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী সভা।
ব্যবসায়ী-বিনিয়োগকারীরা আপাতত এ সভার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে চাইছেন। গত মঙ্গলবার স্বর্ণের দাম সামান্য বাড়ার জন্য এটিই প্রধান কারণ হিসেবে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ইউরোপের দেশগুলোর ভবিষ্যজ রাজনৈতিক গতি-প্রকৃতি ও উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যজ নিয়ে শঙ্কা স্বর্ণের বাজারে ব্যবসায়ীদের বিনিয়োগপ্রবণতা বাড়িয়ে দিয়েছিল। এ অবস্থায় স্বর্ণের বাজার চাঙ্গা থাকার কথা। তবে গত সোমবার অপ্রত্যাশিত ও বিস্ময়কর অবনমন ঘটে ধাতুটির। ওইদিন ধাতুটির দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নামে। সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা কমে আসছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও সুবাতাসের সম্ভাবনা দেখা দিয়েছে। এসবের প্রভাবে ওইদিন বড় দরপতন ঘটেছে ধাতুটির। বিশ্ববাজারে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই মূল্যবান ধাতুর বাজারে দেখা দেয় নিম্নমুখী প্রবণতা। ভূরাজনৈতিক পরিস্থিতির অবনতি, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা ও ফ্রান্সের নির্বাচন কেন্দ্র করে স্বর্ণের দাম কমতে শুরু করে ওই সময়। সর্বশেষ ছয় কার্যদিবসের চারটিতেই স্বর্ণের দাম নিম্নমুখী ছিল। আর সর্বশেষ ১০ কার্যদিবসের নয়টিতে নিম্নমুখী ছিল রুপার দাম। চলতি বছরের ১৮ এপ্রিল প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ২৯৪ ডলার ১০ সেন্টে। এর পর ধাতুটির বাজার ঊর্ধ্বমুখিতা ধরে রাখতে ব্যর্থ হয়।
বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১ হাজার ২৫৭ ডলারে। গত ১৫ দিনের ব্যবধানে আউন্সে প্রায় ৩৭ ডলার দাম কমেছে স্বর্ণের। এদিকে কোমেক্সে গত মঙ্গলবার দশমিক ৯ শতাংশ দাম কমেছে শিল্প ধাতু তামার। জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তামা বিক্রি হয়েছে ২ ডলার ৬৪ সেন্টে। একইভাবে দশমিক ৭ শতাংশ দাম কমেছে মূল্যবান ধাতু প্লাটিনামের। জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয়েছে ৯২৬ ডলারে। আরেক মূল্যবান ধাতু প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ১ শতাংশ। জুনে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয়েছে ৮১৩ ডলার ৬০ সেন্টে।


