পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমানে কারো ব্যক্তিগত ফোনালাপ ফাঁস একটা নিয়মিত ব্যাপার। বিষয়টি সুস্পষ্টভাবে নিষিদ্ধ হলেও তা তোয়াক্কা করা হচ্ছে না। কে বা কারা এসব ফোনালাপ ফাঁস করছে, সেটাও স্পষ্ট নয়। এ অবস্থায় নাগরিকদের ফোনে আড়িপাতা বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। নোটিশের জবাব চাওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানের কাছে। আগামী ৭ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ পাঠানো ১০ আইনজীবীর একজন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, যদি ৭ দিনের মধ্যে ফোনে আড়িপাতা বন্ধে গৃহীত পদক্ষেপ না জানানো হয়, তাহলে এর প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট করা হবে। এমন একটি অসাংবিধানিক কাণ্ড দিনের পর দিন ঘটতে পারে না।
মোহাম্মদ শিশির মনির আরও বলেন, সংবিধানের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী চিঠিপত্রসহ যোগাযোগের সকল মাধ্যমের গোপনীয়তা সংরক্ষণকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। অর্থাৎ, এটি সংবিধান প্রদত্ত অধিকার। আমাদের কোনো আইনও এটাকে বিন্দুমাত্র সমর্থন করে না। তাই এমন অশুভ চর্চা এখনই বন্ধ করা দরকার।


