বাংলাদেশে গম রপ্তানি করতে চায় ভারতের ৮ কোম্পানি

বাংলাদেশে গম রপ্তানি করতে চায় ভারতের ৮ কোম্পানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও প্রতিবেশী দেশের ক্ষেত্রে এ বিধিনিষেধ নয়- এমন খবরে সাত থেকে আটটি কোম্পানি বাংলাদেশে গম রপ্তানি করতে অফার লেটার দিয়েছে।

মঙ্গলবার বিকালে তিনি বলেন, অফার লেটারগুলো বাংলাদেশ সরকারের পক্ষে ইন্ডিয়া দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। অফার দেয়া কোম্পানিগুলো গম রপ্তানি করার মত যোগ্য কি না, তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনব, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং দরদাম মিলে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা ভারত থেকে কখনও গম নিইনি। শুধু যুদ্ধের কারণে ছয়টা টেন্ডার করা হয়েছে, প্রতি টেন্ডারে ৫০ হাজার টন করে এবং ৩ লাখ টন গম এলসি খোলা হয়েছে।

এর মধ্যে ভারত থেকে দেড় লাখ টন গম বাংলাদেশে পৌঁছেছে। আর বাকি দেড় লাখ টন আসার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

সরকার পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ-ভারতের গম আমদানি-রপ্তানির সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চিঠি দেয়া হয়েছে আর টেলিফোনেও কথা হয়েছে। ৩০ মে ভারতে একটি বৈঠক আছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী থাকবেন।

গত ১৩ মে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়- ভারত, প্রতিবেশী ও সঙ্কটে থাকা দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইতোমধ্যে যারা আমদানির জন্য অবাতিলযোগ্য ঋণপত্র (আইএলওসি) খুলেছে, তাদের পণ্য পেতে বাধা নেই। তাছাড়া ভিন দেশের সরকারের অনুরোধে ভারত সরকার সায় দিলেও গম রপ্তানি করা যাবে।

এরইমধ্যে সোমবার রাশিয়া থেকেও গম দেয়ার প্রস্তাব এসেছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন।

ইউক্রেইনে অভিযান শুরুর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার কাছ থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে সমস্যা দেখছেন না তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *