পাথেয় রিপোর্ট : রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় সম্প্রতি মুসলিম দেশগুলোর মোর্চা ওআইসি সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার কথোপকথন।
শেখ হাসিনা বলেন, ‘ওআইসি সম্মেলনে যখন যাই, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি নিজেই আমাকে স্বীকার করলেন, যখন স্বাধীন হয়, তখন ছোট ছিলেন। তখন অনেকেই বলত, বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে? তারা কিছুই করতে পারবে না। কয়েকটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন। যেমন আমাদের ডলারের দাম কত বা আমাদের রিজার্ভ কত বা আমাদের বাজেট কী।’
‘ ইমরান খান অবাক হয়ে বললেন, আজকে বাংলাদশ তো পাকিস্তান থেকে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এ কথা কিন্তু আজকে প্রায়ই, তাদের অর্থনীতিবিদ থেকে শুরু করে সবাই এ কথা বলে যাচ্ছে। আর তা ছাড়া আজকের বাংলাদেশ অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা রিপোর্ট নিশ্চয় পেয়েছেন, সেখানে বলেছে, যে কয়টি দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম।’
এ সময় বাংলাদেশের প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্যের হার ২১.৮ ভাগে নামিয়ে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্যের হার কমিয়ে আনব। আমেরিকায় দারিদ্র্যের হার ১৭ কি ১৮ ভাগ। যে করেই হোক, তার চেয়ে এক পার্সেন্ট কমালেও আমাদের কমাতে হবে।’
‘আজকে আমরা ৮.১৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় এক হাজার ৯০৯ ডলারে উন্নীত করতে পেরেছি। কিন্তু আমাদেরকে এটা বাড়াতে হবে।’
রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তার সরকারের উন্নয়নের চিন্তা তুলে ধরে প্রশিক্ষণার্থীদের দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।


