বাইডেনকে অভিনন্দন জানাল চীন

বাইডেনকে অভিনন্দন জানাল চীন

বাইডেনকে অভিনন্দন জানাল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে চীনের কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। শুক্রবার নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে চীন।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে জো বাইডেন সংখ্যাগরিষ্ঠতা পেলেও রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।

বেইজিংয়ের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে চীনা এই কর্মকর্তা বলেন, আমরা জানি মার্কিন নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।

এর আগে, বেসরকারিভাবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিশ্বের যে কয়েকটি দেশ অভিনন্দন জানানো থেকে বিরত ছিল; চীন তাদের মধ্যে অন্যতম। চলতি সপ্তাহের শুরুর দিকে বেইজিং এক প্রতিক্রিয়ায় জানিয়েছিল, চীন দেখেছে- মার্কিন নির্বাচনে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
কিন্তু নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করে না নেয়ায় বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো থেকে বিরত থাকে চীন, রাশিয়া, মেক্সিকোসহ আরও কয়েকটি দেশ। মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ইতোমধ্যে রিপাবলিকান শিবির দেশটির আদালতে একাধিক মামলা করেছে। আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রযুক্তির লড়াই, বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে হংকং সঙ্কট এবং সর্বশেষ করোনাভাইরাস মহামারি ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে একেবারে তলানিতে পৌঁছেছে। বেইজিংয়ের বিরুদ্ধে এর আগে ট্রাম্প প্রশাসন দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সর্বশেষ অ্যারিজোনায় জয় পেতে যাচ্ছে ডেমোক্র্যাট শিবির। এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা জয় পেলে জো বাইডেনের ঝুলিতে জমা পড়বে আরও ১১টি ইলেকটোরাল কলেজ ভোট। এর ফলে ডেমোক্র্যাট এই প্রার্থীর মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৯০। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ২১৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

সূত্র : এএফপি, বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *