বাণিজ্যমেলার আজ শেষ দিন

বাণিজ্যমেলার আজ শেষ দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে। মেলার পরিচালক বিবেক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয় তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সমাপনী অনুষ্ঠানে মেলায় কেনাকাটাসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে ২১ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজনের উদ্বোধন করেন। অন্যান্য বার ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে গেছে। মাসব্যাপী এ মেলায় এবার সব মিলিয়ে ৩৩০টি স্টল ছিল। নতুন বছরের শুরুতেই বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ বহু বছরের। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে যায়।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। ইপিবি তথ্যমতে, এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

মেলায় স্থানীয় টেক্সটাইল, মেশিনারিজ, কার্পেট, প্রসাধনী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত দ্রব্য, গৃহস্থালীর পণ্য, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী, স্যানিটারি সামগ্রী, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, ভেষজ সামগ্রী, টয়লেট্রিস, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, হস্তশিল্প, গৃহসজ্জা, আসবাবপত্র ও অন্যান্য পণ্য প্রদর্শিত এবং বিক্রি হয়।

মেলায় প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা। সকাল ১০টায় মেলা খোলা হয় এবং সপ্তাহের দিনগুলোতে রাত ৯টায় বন্ধ হবে। সপ্তাহান্তে ছুটির দিনে দর্শনার্থীরা রাত ১০টা পর্যন্ত মেলায় থাকতে পারেন। মেলায় যাতায়াতের সুবিধার্থে ফার্মগেট থেকে মেট্রোরেল এবং এলিভেট এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগের জন্য বাস পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *