বান্দরবানে শেল বিস্ফোরণে নিহত এক সেনা সদস্য , আহত ১১

বান্দরবানে শেল বিস্ফোরণে নিহত এক সেনা সদস্য , আহত ১১

পাথেয় রিপোর্ট: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার নাম মো. জাহিদ (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। নিহত মো. জাহিদের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলি ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান।

হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় ওই বিস্ফোরণ ঘটে।

সেনাবাহিনীর ৬৯ পদাতিক ডিভিশনের একজন কর্মকর্তা জানান, শুক্রবারের টেস্ট ফায়ারিং শেষে শনিবারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখনই কোনো একটি অবিস্ফোরিত শেলে বিস্ফোরণ ঘটে বলে তারা ধারণা করছেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে আহত ১১ জনকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। আহতরা হলেন- সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফ। অন্যদের নাম জানা সম্ভব হয়নি।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেনাবাহিনীর কোনো সদস্য অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি।

এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, আমতলি এলাকাটি সেনা সদস্যদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত। শুক্রবারের টেস্ট ফায়ারিং শেষে শনিবারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখনই কোনো একটি অবিস্ফোরিত শেলে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ধারণা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *