বাড়তি তেল উত্তোলন করবে সৌদি

বাড়তি তেল উত্তোলন করবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা পূরণের জন্য প্রতিদিন বাড়তি ২০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে সৌদি আরব। গত মঙ্গলবার সৌদি মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে একথা ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে তেল সরবরাহ ও চাহিদার ক্ষেত্রে যেকোনো পরিবর্তনের মুখে ভারসাম্য ধরে রাখার জন্য সৌদি আরব তার অব্যবহৃত সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে। গত মঙ্গলবারের ওই বৈঠকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে রিয়াদ তেল উৎপাদানকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে। ইরান ও ভেনেজুয়েলার তেলের শূন্যতা পূরণের জন্য সৌদি আরব তেল উত্তোলনের মাত্রা বাড়াতে রাজি হয়েছে বলে শনিবার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার কয়েকদিন পর সৌদি আরবের পক্ষ থেকে নতুন ঘোষণা এলো।

ট্রাম্প এক টুইটার বার্তায় দাবি করেছিলেন, তার আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরব ২০ লাখ ব্যারেল বাড়তি তেল উত্তোলন করতে রাজি হয়েছে। বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে আলাপের পরই তিনি জানান যে, তার আহ্বানে সাড়া দিয়েছে সৌদি আরব। প্রতিদিন সবচেয়ে বেশি তেল উত্তোলন করে থাকে তারা। প্রতিদিন দেড় থেকে দুই কোটি ব্যারেল তেল উত্তোলন করা হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরানকে তারা কোনো তেল বিক্রি করতে দেবেন না। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এ অবস্থায় তেলের দাম ঠিক রাখতে সৌদি আরবকে তেল উত্তোলন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেটা মেনে নিয়েই তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিল সৌদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *