পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আরও আগেই। একাদশ সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করার পর সোমবার থেকে তাঁদের মনোনয়নের চিঠি দেবার কথা ছিল বিএনপির।
সে মতে ২৬ নভেম্বর সোমবার বিকাল থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। দুপুর ২টার পর দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।
শুরুতেই রংপুর বিভাগের প্রার্থীদের হাতে দলীয় প্রত্যয়নপত্র তুলে দেন বিএনপি নেতারা। এতে সই করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর বিভাগে মনোনীতদের একটি তালিকা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সূত্র থেকে গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি।
রংপুর বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন যারা-
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন চিঠি পেয়েছেন। রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলীকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন। রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা। রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে একক মনোনয়ন দেয়া হয়েছে।
অন্য বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগের প্রার্থী তালিকা আজ বিকালে ও রাজশাহী বিভাগের প্রার্থী তালিকা রাতে প্রকাশ করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় আর দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে অবস্থান করায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের চিঠিতে স্বাক্ষর করেছেন। এ সংক্রান্ত দলের সিদ্ধান্তের একটি চিঠি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বরিশাল বিভাগের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার মধ্য দিয়ে বিএনপির দলীয় টিকিট দেয়ার কথা ছিল।
আজ দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়। তার আগেই রংপুর বিভাগের প্রার্থীদের নাম প্রকাশিত হল।
নোটিশে বলা হয়েছে-বিকাল ৪টায় বরিশাল বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে। সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে। আর রাজশাহী বিভাগের প্রার্থীদের রাত ৮টায় দলের টিকিট দেয়া হবে।
আজকে এ তিনটি বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে। বাকি বিভাগগুলোর প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে আগামীকাল মঙ্গলবার।
মনোনয়নপত্র নিতে গুলশান কার্যালয়ে এসে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশান কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।


