কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান, আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না।
শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচারবিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধর্না দিয়েছিল। তারা আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দমত বিচারপতির আদালতে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
– pathe0/106/sb


