ক্রীড়া ডেস্ক : ভারতে ক্রিকেটার থেকে রাজনীতিতে যোগ দেওয়ার রেওয়াজ নতুন কিছু না, এটা বেশ পুরনোই। কীর্তি আজাদ, নভোজৎ সিংহ সিধু, মোহাম্মদ আজহার উদ্দিনের পথ ধরে এবার রাজনীতিতে নাম লেখালেন ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভির।
শুক্রবার (২২ মার্চ) ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন গম্ভির।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন গম্ভির। এবং সেটা যে বিজেপিতে তা অনেকটাই অনুমিত ছিল। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। এরপরই তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়ে।
ধারণা করা হচ্ছে, নয়াদিল্লি কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থী হতে পারেন তিনি। এই আসনের বর্তমান সাংসদ মীনাক্ষী লেখি। গম্ভিরের বাড়ি এই এলাকার মধ্যেই।
৩৭ বছর বয়সী গম্ভির ভারতের হয়ে খেলেছেন ৫৮টি টেস্ট। তাতে তিনি রান করেছেন ৪২৫৪, সেঞ্চুরি ৯টি। আর ১৪৭ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে তার রান ৫২৩৮। এদিকে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দুইবার আইপিএলের শিরোপা জিতিয়েছেন গম্ভির।


