পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিজেপির কাছ থেকে আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন টাকা নেয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারে এক কর্মিসভায় সোমবার এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। দলের নেতাকর্মীদের ওয়াইসির ব্যাপারে সতর্ক করেন তিনি।
সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের পূর্ণিয়া জেলার কিশানগঞ্জ কেন্দ্রে জয়লাভ করে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন। এরপরই হঠাৎ কোচবিহার জেলাজুড়ে দলটির রাজনৈতিক পোস্টারে ছেয়ে যায়। তাতে লেখা- ‘অপেক্ষা শেষ, এবার মিশন পশ্চিমবঙ্গ’।
হায়দরাবাদভিত্তিক দক্ষিণের এই রাজনৈতিক দলের হঠাৎ এমন সক্রিয়তায় চমকে ওঠেন শাসক তৃণমূলের নেতারাও। তার পরই কোচবিহার সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাবধান বাণীর তাৎপর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিন যদিও মুখে ওয়াইসির নাম করেননি মমতা। নাম না করেই তিনি বলেন, ওরা বিজেপির কাছে টাকা নেন। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরাবাদে। এখানে নয়।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ওয়াইসির দল এ রাজ্যে সক্রিয় হলে তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাবে তারা।
এই মুসলিম ভোটব্যাংক যে তার অন্যতম ভরসা তা বারবার নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পশ্চিমবঙ্গে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিনকে অঙ্কুরেই বিনাশ করতে চান তিনি।
সূত্র : জি নিউজ


