বিদেশি আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত চীন : শি জিনপিং

বিদেশি আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত চীন : শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো বিদেশি আক্রমণ প্রতিহত করতে চীন প্রস্তত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক শি জিনপিং। মঙ্গলবার রাজধানী বেইজিংয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির ৯০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর পিপলস ডেইলির। চীনের প্রেসিডেন্ট বলেন, চীনের জনগণ শান্তি ভালবাসে। আমরা কখনোই কারও আগ্রাসন শিকার হতে বা কাউকে আক্রমণ করতে চাই না। কিন্তু যেকোনো ধরনের আগ্রাসনের চেষ্টা প্রতিহত করায় আমাদের আত্মবিশ্বাস রয়েছে।

তিনি বলেন, আমরা কখনোই চীনের কোনো ভূখণ্ডকে যেকোনো উপায়ে বিভক্ত করতে কোনো জাতি,  সংগঠন বা রাজনৈতিক দলকে অনুমতি দেব না। শি জিনপিং বলেন,  চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তিক্ত ফল হজম করব বলে কারোরই আমাদের কাছ থেকে আশা করা উচিত নয়। চীনের প্রেসিডেন্ট নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার জন্য আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীগুলোর উপর চীনের কমিউনিস্ট পার্টির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধ চলছে। এছাড়া ভারতের সঙ্গে সিকিম ও কাশ্মীরসহ বিভিন্ন সেক্টরে সীমান্ত নিয়ে তীব্র বিরোধে জড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতির প্রধান শক্তিতে পরিণত হতে চলা চীন। এমন প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক বাহিনীর উদ্দেশে যে বক্তৃতা করেছেন তাকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *