পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরবর্তী যে জটিলতাগুলো ছিল, সেগুলোর উন্নতি হয়েছে। তবে কিডনি, হার্ট, লিভারসহ অন্যান্য সমস্যা বেড়ে গেছে। দীর্ঘ চার বছর কোনো চিকিৎসা না হওয়া এবং কারাগারে রাখার কারণে অনেকগুলো শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ‘খুবই অসুস্থ’।’
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা মোটেও ভালো নয়। ডাক্তারদের ভাষায়- ‘অত্যন্ত ভালনারেবল’। সরকারের কাছে আবারও আবেদন জানাই, আমাদের নেত্রীকে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ দিন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন- খালেদা জিয়ার কিডনি, লিভার, হার্টে সমস্যা তো আছেই। আরেকটি পুরনো অসুখ তাকে খুব কষ্ট দিচ্ছে, সেটা হলো- আর্থারাইটিস। এই সবগুলো মিলিয়ে তিনি মোটেও ভালো নেই। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনুমতি দেয়া হয়নি।
গত ১১ এপ্রিল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গত ৩ মে রাতে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। বেশ অনেকদিন সেখানে থাকার পর গতকাল ৫ জুন কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনকে।


