পাথেয় টোয়েন্টিফোর ডটকম আফ্রিকার দেশ গাম্বিয়ার পর এবার মধ্য এশিয়ার উজবেকিস্তানও ভারতে তৈরি সিরাপ খেয়ে শিশুদের মৃত্যুর অভিযোগ তুলেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভারতের ওষুধনির্মাতা কোম্পানি মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি ডক-১ ম্যাক্স সিরাপ খেয়ে তাদের দেশে অন্তত ১৮টি শিশুর মৃত্যু হয়েছে।
কোম্পানির ওয়েবসাইটে সিরাপটি ঠাণ্ডা ও জ্বরের লক্ষণের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে বলা হয়েছিল। অথচ ডক-১ ম্যাক্স সিরাপটি খাওয়ার পর ২১টি শিশুর মধ্যে ১৮টি শিশুই তীব্র শ্বাসকষ্টে ভুগে মারা গেছে।
উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কুয়ারাম্যাক্স মেডিকেল এলএলসি নামের একটি কোম্পানি এই সিরাপ তাদের দেশে আমদানি করেছে।
ওষুধটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে, মধ্য এশিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে বিষাক্ত উপকরণ বলছে।
মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া, বাবা-মা নিজেরাই কিংবা ফার্মেসির দোকানের লোকজনের পরামর্শে, বাড়িতেই শিশুদের সিরাপটি খাওয়ানো হয়েছিল। তাদের জন্য নির্ধারিত যে ডোজ, তারা তার চেয়ে বেশি পরিমাণে ওই ওষুধ গিলেছিল বলেও ভাষ্য উজবেক কর্তৃপক্ষের।
বিষাক্ত উপকরণসমৃদ্ধ ব্যাচটির ওষুধ খেয়ে, স্বাভাবিক ডোজের চেয়ে বেশি খাওয়ায়, নাকি উভয় কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।
উজবেকিস্তানের আগে গাম্বিয়ায় শিশু মৃত্যুর ঘটনায়ও ভারতে বানানো সিরাপের নাম উঠে এসেছিল।
দিল্লিভিত্তিক মেইডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বানানো ঠাণ্ডা ও কাশির সিরাপে অন্তত ৭০ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করে আফ্রিকার দেশটি।
যদিও ভারতের সরকার ও মেইডেন উভয়েই পরে গাম্বিয়ায় শিশুমৃত্যুতে তাদের ওষুধের দোষ অস্বীকার করেছে।


