নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে ভাংচুরসহ আরও মামলা হবে। মামলা মামলার গতিতে হবে।
গত রোববার কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘাত ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভিসির বাড়িতে মামলা করেছে তারা কেউ ছাত্র হতে পারে না। কোনো ছাত্র-শিক্ষকের বাড়িতে এভাবে হামলা করতে পারে না। কোনো একটি পরিকল্পনা থেকে এটা করা হয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তো বললাম এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। কোনো ছাত্র এই হামলা করতে পারে না।
সেদিনের সংঘাতে একজনের মৃত্যুর গুজব ফেসবুকে ছড়ানোর ঘটনায়ও মামলা হবে বলে জানান মন্ত্রী।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নাম এসেছে এ গুজব রটানোর ক্ষেত্রে।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি কারো নাম বলছি না, আরও অনেকে থাকতে পারে। একজন যেটা প্রকাশ্যে এসেছে, সে তো এসেই গেছে। আরও যারা রয়েছে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


