ভোট দেবে সোয়া কোটি নতুন ভোটার

ভোট দেবে সোয়া কোটি নতুন ভোটার

নিজস্ব প্রতিবেদক ● আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। চলতি বছর ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহের পর ২০ আগস্ট শুরু হয়ে তিন ধাপে ৫ নভেম্বর এসব নাগরিকদের নিবন্ধন কাজ শেষ হয়।.

মাঠপর্যায় থেকে গত বুধবার পর্যন্ত কমিশনে আসা তথ্য অনুযায়ী, এ বছর হালনাগাদে ৩৩ লাখ ১৫ হাজার ৪৫৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন ভোটার তালিকায়। এছাড়া ২০১৫ সালের আগাম তথ্যের ভিত্তিতে ১ জানুয়ারি ২০১৮ তারিখে ভোটার তালিকায় যুক্ত হবে আরও ৯ লাখ ৬২ হাজার ৪৩৬ জন। এতে হালনাগাদে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৪২ লাখ ৭৭ হাজার ৮৯৪ জন। এছাড়া এবার ভোটার তালিকা হালনাগাদে এ পর্যন্ত তালিকা থেকে ১৪ লাখ ৪৩ হাজার মৃতভোটারের নাম কর্তন করা হয়েছে। এবার হালনাগাদে নিবন্ধিত ভোটার সংখ্যা থেকে মৃতভোটার বাদ দিলে থাকে ২৮ লাখ ৩৪ হাজার জন। এর সঙ্গে ইসির নিবন্ধনে থাকা ১০ কোটি ১৮ লাখ যোগ করা হলে মোট ভোটার সংখ্যা দাড়ায় ১০ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার জন।
এদিকে দশম জাতীয় সংসদে মোট ভোটার ছিল সংখ্যা ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন। এখন ১০ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার থেকে দশম সংসদে ভোটর সংখ্যা বাদ দিলে দাড়ায় ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার জন। এরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। অবশ্য সারা বছর যেহেতু ভোটার হওয়ার সুযোগ রয়েছে তাই এই সংখ্যার কিছু কমবেশি হবে বলে জানান ইসি কর্মকর্তারা।

এ বছর ভোটার তালিকার হালনাগাদ তথ্য সম্পর্কে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন বলেন, এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ লাখ। সেখানে ইতোমধ্যে মাঠপর্যায় থেকে ৩৩ লাখের উপরে নতুন ভোটার নিবন্ধনের তথ্য আমাদের কাছে এসেছে। এছাড়া এবার কমিশনের বড় অর্জন হচ্ছে ভোটার তালিকা থেকে এখন পর্যন্ত মাঠপর্যায় থেকে আসা তথ্য অনুযায়ী ১৪ লাখ ৪৩ হাজার মৃত ভোটার চিহ্নিত করা। তিনি বলেন, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার পর এবারই আমরা এই ধরনের কার্যক্রম করতে পারলাম। কমিশনের নানামুখী উদ্যোগ গ্রহণ করার পরই এই সাফল্যে এসেছে।

ইসির এই কর্মকর্তা আরও বলেন, আমাদের ভোটার সংখ্যা আরও একটু বাড়বে। কারণ আমাদের যে ৩২টি বিশেষ এলাকা রয়েছে, সেখানে ভোটার নিবন্ধনের কাজ চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
ইসির তথ্য অনুযায়ী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। এরদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭ কোটি ৬ লাখ ৪৮ হাজার ৪৮৫ জন যা মোট ভোটারের ৮৭ দশমিক ১৩ শতাংশ। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে মোট ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৮৮৭ জন ভোটার। এই নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনেই প্রার্থীরা বিনাভোটে জয়লাভ করে।

আগামী ২ জানুয়ারি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। দাবি, আপত্তি ও সংশোধন নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিল করা দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *