পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন গভীর রাতে ঘুরে ঘুরে শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল ভাসমান অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
বুধবার মধ্য রাতে আরিচা ঘাট, উথুলী ও তেওতা এলাকায় অর্ধ শতাধিক রাস্তার ধারে আশ্রিত এ সকল লোকদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ লোক মানসিকভাবে ভারসাম্যহীন ও অসহায়। পরে তিনি সেই অসহায় আয়মান বেগমের রেখে যাওয়া পরিবারের মাঝেও কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা পলাশ হোসাইন, প্রকল্প ও বাস্তবায়ন অফিসার সুদেব রায়, যমুনা টিভির সাংবাদিক বিএম খোরশেদ, কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনও রিমন জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই প্রধানমন্ত্রী বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।


