পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মন্দিরে ঢুকে পানি খাওয়ায় বেধড়ক মারধর করা হয়েছে এক মুসলিম কিশোরকে। ঘটনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদের। স্থানীয় এক যুবক এই মুসলিম কিশোরকে মারধর করে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, এক মুসলিম কিশোর গাজিয়াবাদের মন্দিরে ঢুকে পানি খায়। সেই ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার নাম-পরিচয় জানতে চায় এক যুবক। এরপরই ওই কিশোরকে বেধড়ক মারধর শুরু করেন তিনি। ওই ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। পরে শুরু হয় সমালোচনা। শেষে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।
আরো পড়ুন : লকডাউনে ভারতে বাড়ছে মুসলিমবিদ্বেষ
ভিডিওতে দেখা যায়, প্রথমে অভিযুক্ত যুবক ওই কিশোরকে ধরে তার নাম-পরিচয় জানতে চান। সে কেন মন্দিরে ঢুকেছে, তাও জানতে চান সেই যুবক। জবাবে ওই কিশোর জানায়, ভীষণ পানির পিপাসা পেয়েছিল তার। তাই পানি পান করতে মন্দিরে ঢুকেছিল। উত্তর দেওয়ার পরই কিশোরকে বেধড়ক মারধর শুরু করেন ওই যুবক।
এ বিষয়ে গাজিয়াবাদের পুলিশ সুপার ইরাজ রাজ জানান, অভিযুক্ত যুবক বিহারের ভাগলপুরের বাসিন্দা। তার নাম শিরঙ্গি নন্দন যাদব। ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
/এএ


