পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার একজন করে।
এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুরের দুজন, টাঙ্গাইলের দুজন এবং নেত্রকোনার একজন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।


