মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন নবনির্বাচিত এমপি

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন নবনির্বাচিত এমপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার দিনব্যাপী পৌর এলাকাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে এ মাইকিং করা হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বেআইনি কাজে জড়িত ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী গফরগাঁও পৌর এলাকাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে এ মাইকিং করা হয়।

ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় এ মাইকিং বিষয়টিকে ইতিবাচক বলছেন বিএনপি, জামায়াত, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দল।

বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের নাম ভাঙিয়ে নির্বাচনী এলাকায় নীরব চাঁদাবাজি ও বেআইনিভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। পাশাপাশি ব্যবসায়ী ও জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেয়ার কথাও জানানো হয়।

এ বিষয়ে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘গণমানুষের নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা বিএনপি বা কোনো নেতার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, বেআইনিভাবে অর্থ-বাণিজ্য বা সন্ত্রাস সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে টাকা নেয়াসহ কোনো বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেন। সে লক্ষ্যে আমার নির্বাচনী এলাকায় ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা কেউ বিএনপি দলের কর্মী হতে পারে না। অন্যায়, অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়! অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। তাই এর মাধ্যমে চাঁদাবাজদের সতর্ক বার্তা দেয়া হয়েছে।’

Related Articles