পাথেয় রিপোর্ট : শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক (রহ.)-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে বেসরকারি টেলিভিশন যমুনা যে প্রতিবেদন করেছে এর জন্য ক্ষমা চেয়েছে যমুনা টিভি।
আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার ঘোষণা দেয়নি যমুনা টিভি। তবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খেলাফত মজলিস অফিসে যমুনা টিভির পক্ষে সিইও ফাহিম আহমাদ, বিশেষ প্রতিনিধি মুহসিনুল হাকিম স্বশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছ।
দুঃখ প্রকাশ করে ফাহিম আহমদ বলেন, ‘যমুনা টেলিভিশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে আল্লামা আজিজুল হককে নিয়ে একটি ভুল ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। এমন ভুল যমুনা টিভিতে যেতে পারে না। এতে তার অনুসারী ও ভক্তবৃন্দ কষ্ট পেয়েছেন। আমরা সবার কাছে দুঃখপ্রকাশ করছি। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এ দুঃখপ্রকাশ মেনে নেবেন। আগামীতে এ ধরনের ভুল আর যাতে না হয়, আমরা সে ব্যাপারে সতর্ক থাকব।’
যমুনা টিভির দুঃখ প্রকাশ করার পর বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘ভুল হতেই পারে, ভুল হওয়ার পরে তা শুধরানোর চেষ্টা করাই হলো ইসলামের শিক্ষা। সেজন্য যমুনা টিভি কর্তৃপক্ষ এ ভুলের জন্য যে দু:খ প্রকাশ করলেন, যমুনা টিভি কর্তৃপক্ষের এ পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছাত্র ও ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব আপনারাও তাদের এ দু:খ প্রকাশকে সেভাবেই মূল্যায়ন করবেন। যমুনা টিভির ভবিষ্যত পথচলা সুগম হোক, আমরা এই প্রত্যাশা করি।’
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আতাউল্লাহ আমীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ফয়সাল, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোস্তাফিজ রাহমানী, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, শায়খুল হাদীস দৌহিত্র মুহাম্মদ এহসানুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উবায়দুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা সাদিক সালিম, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আল-আদনান প্রমুখ।


