পাথেয় রিপোর্ট : আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও রাজধানীর জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা আশরাফ আলীর শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যান বলে জানিয়েছেন মাওলানা আশরাফ আলীর ছেলে মাওলানা সাব্বির আহমদ। এ সময় শ্রদ্ধাভাজন এ আলেম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে দু’টি বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানান তিনি।
মাওলানা সাব্বির আহমদ জানান, প্রথমত কওমি মাদরাসার স্বীকৃতি প্রদান ও তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষভাবে শুকরিয়া জানিয়েছেন মাওলানা আশরাফ আলী।
দ্বিতীয়ত, কাদিয়ানী ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আশরাফ আলী বলেন, ‘বিশ্বের প্রায় ৫৭টি দেশে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনার ও সরকারের কাছে দেশের ওলামায়ে কেরামের আবেদন এ দেশেও যেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়।’


