পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ২৬ জুন থেকে বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার কথা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ।
শুক্রবার (১৮ জুন) বার্সেলোনায় এক সফরে গিয়ে তিনি বলেন, ‘বাইরে মাস্ক পরার এটাই শেষ সপ্তাহ কারণ আগামী ২৬ জুন থেকে বাইরে জনপরিসরে আমাদের আর মাস্ক পরতে হবে না।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৭ জুন) মন্ত্রীসভার এক বৈঠকে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার বিষয়টি অনুমোদন করা হবে।’
স্যানচেজ বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের রাস্তাঘাট এবং আমাদের চেহারা আগের অবস্থায় ফিরবে।’ তিনি বলেন, ‘সামাজিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত।’
স্যানচেজ আরও বলেন, ‘মাস্ক ছাড়াই রাস্তায় আমাদের জীবন উপভোগ করতে পারব।’
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত বছরের মে মাসে স্পেনে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। চলতি বছরের শুরুর দিকে সমুদ্র সৈকতেও মাস্ক পরার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ নিয়া সমালোচনা শুরু হলে পরে আদেশ তুলে নেয়া হয়।
করোনাভাইরাসে স্পেনে ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৭ লাখেরও বেশি মানুষ।
সূত্র : এএফপি


