পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম।
মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘একজন আলেমের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি বলেন, ‘এই ঘটনা দেশের আলেম সমাজ ও ইসলামপ্রিয় মানুষের হৃদয়ে মারাত্মক আঘাত দিয়েছে। দেশের কোনও সুনাগরিকের থেকে এমন আচরণ আশাতীত। তাহলে এরা কারা? যারা দিবালোকে একজন আলেমের গায়ে হাত দিতে দ্বিধা করলো না। আর যাই হোক না কেন, তারা বাংলাদেশের সুনাগরিক হতে পারে না।’
হেফাজতের আমির বলেন, ‘কারও ওপর অন্যায় বা বিনা দোষে জুলুম হোক তা আমরা চাই না। সরকারের কাছে হামলাকারী দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক বিষয় হলো- এই ঘটনার বিষয়ে সাংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে যখন প্রধান নির্বাচন কমিশনার উল্টো জিজ্ঞেস করেন, এই প্রার্থী ইন্তেকাল করেছেন কি না- এতে আমরা হতাশ হয়ে যাই। তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে এমন বক্তব্য আশা করিনি। আমার মতে সিইসির ভাষা এমন হওয়া উচিত নয়। কারণ এসব কথা ভিন্ন কিছুর দিকে ইঙ্গিত করে।’


