পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাম মন্দির না বাবরি মসজিদ! এই বিতর্কে বহু বছর ধরে রাজনীতির আগুনে দগ্ধ হয়েছে অযোধ্যা। সেই ক্ষতে একটু হলেও প্রলেপ লাগানোর কাজ এবার অযোধ্যাবাসী নিজেরাই শুরু করলেন মন্দিরে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করার মাধ্যমে।
মুসলমানদের পবিত্র রমজান মাসে সম্প্রীতির বন্ধন বাড়াতে মন্দিরে ইফতারের আয়োজন করেছে স্বয়ং অযোধ্যাবাসী। তবে এতে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়নি। হিন্দুদের সঙ্গে মুসলিমদের সম্প্রীতি বাড়াতে এ আয়োজন করে অযোধ্যাবাসী।
সোমবার অযোধ্যার ৫০০ বছরের পুরনো সরযু কুঞ্জ মন্দিরে মুসলিম রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছেন হিন্দু সন্ন্যাসীরা। কোনও রকম রাজনীতির রং বাদ দিয়েই ইফতারের আয়োজন করেছে সন্ন্যাসীরা। এই অনুষ্ঠানের গায়ে যাতে রাজনীতির রং না লাগে, তার জন্যই সপ্তম দফার ভোট শেষ হওয়ার পর এই ইফতারের আয়োজন করা হয়েছে।
ওই মন্দিরের প্রধান পুরোহিত মোহান্ত যুগল কিশোর শরণ শাস্ত্রী জানিয়েছেন, অযোধ্যায় সব ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেই এই অরাজনৈতিক আয়োজন।


