‘মুসলিমদের বিরুদ্ধে বিল পাশ করাই বিজেপি সরকারের লক্ষ্য’

‘মুসলিমদের বিরুদ্ধে বিল পাশ করাই বিজেপি সরকারের লক্ষ্য’

‘মুসলিমদের বিরুদ্ধে বিল পাশ করাই বিজেপি সরকারের লক্ষ্য’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিজেপিকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে এআইউডিএফ প্রধান ও পার্লামেন্ট সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, বিজেপি সরকারের লক্ষ্যই হলো মুসলিমদের বিরুদ্ধে বিল পাশ করা।

এআইউডিএফ প্রধান বলেন, তালাক দেয়া হলো মস্ত ভুল করা। তিন তালাক হলে মুসলিমরা খুব লজ্জা পায়। গত দেড় বছর থেকে বিজেপি সরকার মুসলিমদের জন্য কোনো উন্নয়নমূলক কাজে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র হিন্দু-মুসলিম রাজনীতি নিয়েই পড়ে রয়েছে। এতে কোনো সম্প্রদায়েরই লাভ হবে না।

শুক্রবার হোজাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে মুসলিম মহিলা বিল (বিবাহ অধিকার সংরক্ষণ) ২০১৯-এর তীব্র বিরোধিতা করে এসব কথা বলেন তিনি।

মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, তালাক প্রক্রিয়া মুসলমানদের চেয়ে হিন্দু সমাজে বেশি। মুসলমানদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার ২৬ শতাংশ হলেও হিন্দু সমাজে তা ৬৮ শতাংশ।

আসামের ধুপড়ির এমপি বদরুদ্দিন আজমল কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করে বলেন, এই সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর মুসলিম মহিলাদের একটি সমস্যারও সমাধান করেনি। তার বদলে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে।

তিনি এ দিন সাফ জানিয়ে দেন, এআইইউডিএফ তিন তালাক বিল কখনোই সমর্থন করে না। এই বিল পার্লামেন্টের ছাড়পত্র পেয়েছে ঠিকই। কিন্তু এর মাধ্যমে কারো কিছু লাভ হবে না।

এরআগে ২৫ জুলাই শুক্রবার সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় তিন তালাক বিল পাস হওয়ার পর বুধবার (৩১ জুলাই) ভারতীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, লোকসভায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার তিন তালাক বিল পাস করে ইসলামী শরিয়ত ও মুসলমানদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করেছে। তিনি বলেন, এ বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করছে মোদি সরকার।

নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে মাওলানা মাহমুদ মাদানী বলেন, এ আইনটি মুসলিম জনগোষ্ঠীর জন্য করলেও মুসলিমদের কোনো প্রতিনিধি বা শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করা হয়নি। সরকারের একগুঁয়েমী মনোভাব থেকে এ বিলটি জোর করে করা হয়েছে। যা গণতন্ত্র পরিচালিত কোনো দেশের জন্য খুবই লজ্জাজনক।

এ প্রসঙ্গে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইসলামী শরিয়তের উপর হস্তক্ষেপ করেছে।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম এ বিলের উপর প্রশ্ন রেখে বলেন, মোদি সরকার তিন তালাক বিলকে পাশ করে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অধিকার হরণ করেছে। তিনি বলেন, তিন তালাক বিল মোদি সরকারের সরাসরি শরিয়তের উপর হস্তক্ষেপ। দেশের আইনে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা আছে। কিন্তু কেন্দ্রীয় বিজেপী সরকার মুসলিম পার্সোনাল ল’বোর্ডের উপর বারবার আক্রমণ করে যাচ্ছে।

পাশকৃত তিন তালাক বিলের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুফতি আবুল কাসেম নুমানী বলেন, কেন্দ্রীয় সরকার মুসলমানদের ধর্মীয় ব্যাপারে এভাবে হস্তক্ষেপ না করে ভারতের উলামায়ে কোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে মীমাংসা করতে পারতো।

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *