মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার বিব্রত নয় : সেতুমন্ত্রী

মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার বিব্রত নয় : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয় বল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (০২ মার্চ) দুপুরে সচিবালয়ে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে যান। পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, ভারতের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশের একটি পক্ষ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে, তাতে সরকার বিব্রত কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা মোটেও বিব্রত না। আমরা মনে করি, এটা যারা করছে তাদের এটা করা মোটেও উচিত হচ্ছে না। মুজিব বর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো উচিত।’ এ সময় দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন কাদের। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।’

সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, কী নিয়ে আলোচনা হতে পারে? উত্তরে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয় নিয়ে যখন আলোচনা হবে, তখন সব বিষয়ে আলোচনা হবে।’

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘এখানে আমি স্পষ্ট করেই বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী বারবার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে আশ্বস্ত করেছেন যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং বাংলাদেশের জনগণের ওপর এর কোনো প্রভাব থাকবে না। আমরা এই ব্যাপারে আপনাদের আশ্বস্ত করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *