যুক্তরাষ্ট্রের বোমা হামলায় আফগানিস্তানে ৯০ আইএস সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের বোমা হামলায় আফগানিস্তানে ৯০ আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক ● আফগানিস্তানের পূর্ব নাঙ্গাহার প্রদেশের আচিন জেলায় আইএসের একটি শক্ত ঘাঁটিতে বোমা হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। আইএসের একটি গভীর সুড়ঙ্গে এই বোমা হামলা চালানো হয়। গত বৃহস্পতিবারের ওই বোমা হামলায় এখন পর্যন্ত আইএসের ৯০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা। আচিন ডিস্ট্রিক্ট গভর্নর ইসমাইল শিনওয়ারি শনিবার এএফপি বার্তা সংস্থাকে জানায়, বোমা হামলায় কমপক্ষে ৯২ জঙ্গি নিহত হয়েছে। তবে ওই হামলায় সামরিক কর্মকর্তা ও বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান শিনওয়ারি। গত বৃহস্পতিবারের বোমা হামলাকে আইএসের বিরুদ্ধে একটি সফল অভিযান বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত জিবিইউ-৪৩ নামের উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমটি এর আগে কোন যুদ্ধে ব্যবহার করা হয়নি। মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র কোলোনেল প্যাট রাইডার আইএসের বিরুদ্ধে এটিকে সর্ববৃহৎ বোমা হামলা বলে উল্লেখ করেছেন। গত শনিবার আফগানিস্তানের নাঙ্গারহারে আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হওয়ার ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র এই হামলা করেছে। আফগানিস্তানের পেসিডেন্ট আশরাফ ঘানি বোমা হামলার পক্ষে সমর্থন জানিয়ে বলেছেন, ওই অঞ্চলকে আইএস মুক্ত করতেই আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) ও মার্কিন বাহিনীর এই যৌথ প্রচেষ্টা।

তবে অনেক বিশ্লেষক এটিকে অযৌক্তিক অভিযান বলে মনে করছেন। গত আগস্ট থেকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএস বাহিনীর উপর বিমান হামলা চালিয়ে আসছিল। তবে নতুন এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখী হয়। মার্কিন জেনারেল জন নিকোলসন এক সংবাদ সম্মেলনে বোমা ব্যবহারের সাফাই দিয়ে বলেছেন, সঠিক লক্ষ্যে সঠিক অস্ত্র হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে আইএস বাহিনী প্রতিরোধের মুখে সিরিয়া ও ইরাক ছেড়ে আফগানিস্তানে তাদের ঘাঁটি গেড়েছে। তবে এই অঞ্চলেও যুক্তরাষ্ট্র ও আফগান সরকার বাহিনীর কর্তৃক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *