পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলে এক নারী বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।
স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে অঙ্গরাজ্যের নাশভিল শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, সকাল সোয়া ১০টার দিকে স্কুলে গোলাগুলির বিষয়টি ফোন করে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ পান পুলিশের সদস্যরা। বন্দুকধারীর কাছে অন্তত দুটি আগ্নেয়াস্ত্র ছিল।
স্থানীয় মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন হাসপাতালের মুখপাত্র জন হোসের জানিয়েছেন, গুলিতে স্কুলের তিনজন কর্মী নিহত হয়েছেন। আর তিনজন শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
স্কুলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কভেন্যান্ট প্রেসবাইটেরিয়ান চার্চ-এর আওতাধীন একটি স্কুল। এতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। এতে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে।


