পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার হামলা শুরুর পর ১৩ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ১০ হাজার থেকে ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, হতাহতের সংখ্যা জানানো ইউক্রেনে বিরল ঘটনা। তবে মিখাইলো পোদোলিয়াকের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এমনকি সে দেশের সেনাবাহিনীও তার ওই তথ্য সমর্থন করে কোনো মন্তব্য করেনি।
এর আগে চলতি বছরের জুনে তিনি বলেছিলেন, দৈনিক ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলি বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় এক লাখ ইউক্রেনীয় সৈন্য আহত কিংবা নিহত হয়েছে এবং এক লাখ রুশ আহত কিংবা নিহত হয়েছে।
গত বুধবার একটি ভিডিও ভাষণে ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেছেন, রাশিয়ার হামলায় এক লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যদিও ইইউ কমিশনের একজন মুখপাত্র পরে তার ওই বক্তব্য স্পষ্ট করে জানান, এটি একটি ভুল ছিল। পরিসংখ্যানটিতে নিহত ও আহত উভয়কেই উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনীয় টিভি আউটলেট চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে মিখাইলো পোদোলিয়াক বলেন, হামলায় ‘নিহত সেনাদের সংখ্যা নিয়ে খোলাখুলি কথা বলছে’ কিয়েভ।
তিনি বলেছেন, আমাদের জেনারেল স্টাফের অফিসিয়াল মূল্যায়ন রয়েছে। কমান্ডার-ইন-চিফের (প্রেসিডেন্ট জেলেনস্কি) অফিসিয়াল মূল্যায়ন রয়েছে। সেগুলো অনুসারে বলা যায়, রুশ হামলায় ১০ হাজার থেকে সাড়ে ১২ হাজার-১৩ হাজার সেনা নিহত হয়েছে।
তিনি আরো বলেন, বেসামরিক নিহতের সংখ্যা ‘উল্লেখযোগ্য’ হতে পারে।
- সূত্র: বিবিসি


