নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে পাঁচটি বাস হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া (অতিরিক্ত সচিব) কলেজের ছাত্র-ছাত্রীদেরকে একটি দ্বিতল বাস, তিনটি একতলা বাস ও একটি ৩০ আসনের বিশিষ্ট কোচ দিয়েছে।
শনিবার কলেজ কর্তৃপক্ষের কাছে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান কলেজের পক্ষ থেকে গাড়ির চাবি গ্রহণ করেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ উপহারের জন্য প্রধানমন্ত্রীকে শিক্ষক ও শিক্ষার্থীরা ধন্যবাদ দিয়েছেন।


