রাগীব আলীর আরেক মামলার রায় ৯ মার্চ

রাগীব আলীর আরেক মামলার রায় ৯ মার্চ

সিলেট প্রতিনিধি ● পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের রায় হবে আগামী বৃহস্পতিবার। সোমবার দুপুরে যুক্তিতর্ক শেষে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত রায়ের এ দিন ঠিক করেছে বলে এপিপি মাহফুজুর রহমান জানান। গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তারাপুর চা বাগান সংক্রান্ত দুইটি মামলায় রাগীব আলী ও তার ছেলে পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকা অবস্থায়ও তারা ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা সম্পাদনা করে আসছেন। ওই সময় রাগীব আলী সিলেটর ডাক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এবং আবদুল হাই সম্পাদক ছিলেন। মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে। তবে সমনের জবাব না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানান এপিপি। সিলেটের তারাপুর চা বাগান দখল সংক্রান্ত দুটি মামলায়ও রাগীব আলী ও তার পরিবারের পাঁচ সদস্য আসামি।

এরমধ্যে একটি মামলায় রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজাও হয়েছে। আরেক মামলায় রায়ের তারিখ ধার্য হলেও উচ্চ আদালতের নির্দেশে তা ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *