রাজধানীতে বিএনপির পথসভা ও বিক্ষোভ মিছিল

রাজধানীতে বিএনপির পথসভা ও বিক্ষোভ মিছিল

পাথেয় রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদানের প্রতিবাদে পথসভা ও বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বুধবার সকাল পৌনে ৮টায় শান্তিনগর বাজারসংলগ্ন প্রধান সড়কে পথসভা ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পথসভা ও মিছিলে দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পথসভা শেষে মিছিলটি শান্তিনগর কাঁচাবাজার থেকে শুরু হয়ে মালিবাগ অভিমুখে শান্তিনগর মোড় পার হয়ে কিছু দূর গিয়ে শেষ হয়।

পথসভায় রিজভী বলেন, দেশকে গোরস্তানের নীরবতায় নামিয়ে আনতেই গণতন্ত্রে স্বীকৃত সব অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশ এখন চলছে হরণের নীতিমালা দিয়ে। আর সে জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আপসহীন নেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রিজভী আহমেদ দেশনেত্রীর মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *